দুনিয়া একটি মৃত প্রাণী থেকেও অতি নিকৃষ্ট। যে যত বেশি দুনিয়া ত্যাগ করতে পারবে সে তত বেশি মহান আল্লাহ পাক উনার মুহাব্বত-মারিফত, নিসবত-কুরবত হাছিল করতে পারবে। ইনশাআল্লাহ! তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।
এডমিন, ২৬শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ সামিন, ১৩৯০ শামসী সন, ২০ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৫ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহাপবিত্র ক্বওল শরীফ-২
আল-ইহসান প্রতিবেদন:
ছাহিবাতু সাইয়্যিদিল আ’দাদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, রহমাতুল্লিল আলামীন, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একবার একটা মৃত কানকাটা বকরীর বাচ্চার পাশ দিয়ে অতিক্রম করলেন। অতঃপর ইরশাদ মুবারক করলেন, তোমাদের মধ্যে কে আছে, যে এই মৃত কানকাটা বকরীর বাচ্চাটিকে এক দিরহামের বিনিময়ে কিনে নিতে পছন্দ করবে? উনারা (ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম) বললেন, আমরা কোনো কিছুর বিনিময়ে এটাকে কিনে নিতে পছন্দ করবো না। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, মহান আল্লাহ পাক উনার কসম! মৃত প্রাণীটি তোমাদের কাছে যত নিকৃষ্ট মহান আল্লাহ পাক উনার নিকট এই দুনিয়া তার চেয়েও বেশি নিকৃষ্ট। নাঊযুবিল্লাহ! অর্থাৎ মৃত বকরীর বাচ্চাটির যেমন কোনো মূল্য নেই, তেমনিভাবে এই দুনিয়ারও কোনো মূল্য নেই।
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, হযরত সাহল ইবনে সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যদি এই দুনিয়া মহান আল্লাহ পাক উনার নিকট একটি মশার পাখার সমপরিমাণ মূল্যের হতো তাহলে তিনি কোনো কাফিরকে এক ঢোক পানিও পান করাতেন না। যেহেতু কাফিরদের জন্য পরকালে কোনো নিয়ামত নেই। তাই মহান আল্লাহ পাক তিনি তাদেরকে সব নিয়ামত এই দুনিয়াতেই ঢেলে দিয়েছেন। তাদের জন্য পরকালে জাহান্নামের আগুন ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না।
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, পা না ভিজিয়ে যেমন পানিতে নামা যায় না, ঠিক তেমনি গুনাহ অর্জন করা ব্যতীত দুনিয়া হাছিল করা যায় না। আর গুনাহ করলে তার শাস্তি ভোগ করতেই হবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই যারা গুনাহ করবে অতিশীঘ্রই তাদেরকে আমলের বদলা দেয়া হবে। মূলত দুনিয়া হাছিলের জন্যই মানুষ গুনাহর কাজ করে থাকে। সুন্নত মুবারক উনার অনুসরণ করলে দুনিয়া ত্যাগ করার পাশাপাশি গুনাহর কাজ থেকেও বেঁচে থাকা সম্ভব হবে। যে যত বেশি দুনিয়া ত্যাগ করতে পারবে সে তত বেশি মহান আল্লাহ পাক উনার মুহাব্বত-মারিফত, নিসবত-কুরবত হাছিল করতে পারবে। ইনশাআল্লাহ!
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, মূলকথা হলো- দুনিয়া একটি মৃত প্রাণী থেকেও অতি নিকৃষ্ট। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।













